মাদারীপুর সদর থানা থেকে পালানো আসামি ২৪ ঘন্টার ভিতরে কেরানীগঞ্জে থেকে গ্রেফতার
মাদারীপুর সদর মডেল থানার পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া নারী আসামি হাসিনা (৩৬) কে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে এবং সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর মডেল থানার একাধিক কর্মকর্তা, নারী পুলিশ সদস্য এবং র্যাব-০৮ মাদারীপুরের সদস্যরা অংশ নেন।
তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৬টা ১৫ মিনিটে কেরানীগঞ্জের জিয়ানগর ৪ নম্বর গলি এলাকা থেকে হাসিনাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৯ জুলাই অনৈতিক কার্যকলাপের অভিযোগে হাসিনাসহ তিনজনকে পেনাল কোডের ২৯০ ধারায় গ্রেপ্তার করা হয়েছিল। থানা ভবনে হাজতখানা না থাকায় নারী আসামিদের অস্থায়ীভাবে জুনিয়র সেরেস্তায় রাখা হয়। ১০ জুলাই রাত সাড়ে ১২টার দিকে হাসিনা বারান্দার তিনটি এসএস পাইপ ভেঙে কৌশলে পালিয়ে যান।
এ ঘটনায় তার বিরুদ্ধে পেনাল কোডের ২২৪ ও ৪২৭ ধারায় মাদারীপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


















