আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে যশোরের প্রথম শ্রেণির মণিরামপুর পৌরসভায় সম্ভাব্য মেয়র প্রার্থীদের তৎপরতা বেড়েছে। পৌরবাসীর বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু।
পৃথক সাক্ষাৎকারে দুই নেতা পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
মোঃ মফিজুর রহমান মফিজ বলেন, দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ড্রেনেজ সংকট, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, সড়কের বেহাল অবস্থা, মশক নিধন কার্যক্রমের সীমাবদ্ধতা এবং বিশুদ্ধ পানি সরবরাহসহ নানা সমস্যা বিদ্যমান। তিনি নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান করে পৌরবাসীর শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করার চেষ্টা করবেন বলে জানান।তিনি আরও বলেন, পৌরবাসীর জানমাল রক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গঠনে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের পাশে থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চান বলেও উল্লেখ করেন।
অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু মাদকমুক্ত, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, মণিরামপুরকে দেশের অন্যতম মডেল পৌরসভায় রূপান্তর করতে তিনি কাজ করতে চান।আসাদুজ্জামান মিন্টু বলেন, শিক্ষার মানোন্নয়ন, খেলাধুলার সুযোগ সম্প্রসারণ, যানজট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, বাইপাস সড়ক নির্মাণ বা বিদ্যমান সড়ক প্রশস্তকরণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে তিনি গুরুত্ব দেবেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
তিনি বলেন, “পৌরবাসী আমাকে নির্বাচিত করলে তাদের সঙ্গে নিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত মণিরামপুর পৌরসভা গড়ে তুলতে কাজ করব। নির্বাচিত না হলেও জনগণের পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখব।”স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার প্রতিযোগিতা ইতোমধ্যে শুরু হয়েছে। পৌরবাসীর প্রত্যাশা, নির্বাচনী প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব মণিরামপুর পৌরসভাকে আরও আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলবে।
No tags found for this post.
মন্তব্য করুন