ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মুজিব নগর ইউনিয়নের চরমোতাহার গ্রামে ১৭১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারের সংযোগ সড়কে কালভার্ট নির্মাণের কাজ চলমান রয়েছে। এটি এলাকার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
এই প্রকল্পটি বাস্তবায়ন করছে কোস্ট ফাউন্ডেশন এবং এতে সহযোগিতা করছে স্টার্ট ফান্ড বাংলাদেশ। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছিল শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে। বর্ষাকালে পানি জমে সড়কটি প্রায় অচল হয়ে পড়ত। ফলে বিদ্যালয়ে উপস্থিতি কমে যেত এবং জরুরি সময়ে সাইক্লোন সেল্টারে পৌঁছানোও কঠিন হয়ে পড়ত।
নতুন করে নির্মাণাধীন এই কালভার্টটির মাধ্যমে সংযোগ সড়কটি টেকসই হবে এবং এলাকার শিক্ষার্থীদের পাশাপাশি দুর্যোগকালীন সময়ে আশ্রয়প্রার্থীদের যাতায়াত সহজ ও নিরাপদ হবে। স্থানীয়রা জানান, এটি তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এবং কাজ শুরু হওয়ায় তারা বেশ আনন্দিত।
কোস্ট ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, প্রকল্পটি স্বচ্ছতা ও মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে। এর মাধ্যমে শুধু শিক্ষার পরিবেশই নয়, বরং পুরো এলাকার দুর্যোগ ব্যবস্থাপনাও আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তারা।
মন্তব্য করুন