নাটোরের সিংড়া পৌর এলাকায় পৌর কর পুনর্মূল্যায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তির বিপরীতে ছড়ানো বিভিন্ন অপপ্রচার ও গুজবের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পৌরসভা প্রশাসক । একই সাথে স্বার্থান্বেষী মহলের কোনো বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে পৌর নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) সিংড়া পৌরসভার প্রশাসক
আব্দুল্লাহ আল রিফাত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। পৌর কর্তৃপক্ষ জানায়, ২০২৩-২০২৭ অর্থ বছরের জন্য সাম্প্রতিক সময়ে পৌরসভার আওতাধীন হোল্ডিংসমূহের পৌর কর পুনর্মূল্যায়নের লক্ষ্যে প্রাথমিক দাবি নোটিশ সংশ্লিষ্ট করদাতাদের নিকট প্রেরণ করা হয়েছে। তবে এই দাবি নোটিশকে কেন্দ্র করে ২/১ টি স্বার্থান্বেষী মহল জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং পৌরসভার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অন্যায়ভাবে ও অযৌক্তিকভাবে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আইনগত বাধ্যবাধকতার কথা উল্লেখ করে জানানো হয়, প্রতি ৫ (পাঁচ) বছর পর পর পৌর কর পুনর্মূল্যায়নের নিয়ম রয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর ধারা (৯৮) ও (১০৪) এবং পৌরসভা কর আরোপ ও আদায় পদ্ধতি বিধিমালা, ২০১৩ এর ১৭, ১৮ (১, ২) বিধি এবং আদর্শ কর তফসিল ২০১৪ এর বিধি ৩, ২১, ২২ ও ২৪ অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমানে প্রেরিত প্রাথমিক দাবি নোটিশটি কোনো চূড়ান্ত কর নির্ধারণ নয়; এটি কেবলই একটি প্রাথমিক মূল্যায়ন। এই নোটিশের বিষয়ে করদাতাদের কোনো প্রশ্ন, আপত্তি বা তথ্য সংশোধনের প্রয়োজন হলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার পূর্ণ সুযোগ রয়েছে।
আগামী ২৯ জুন, ২০২৬ তারিখের মধ্যে সিংড়া পৌরসভা কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে নোটিশ সাথে নিয়ে এসে নাগরিকরা তাদের আপত্তি দাখিল করতে পারবেন। পরবর্তীতে পৌর কর নিরূপণ ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির মাধ্যমে আপিল শুনানি পূর্বক হোল্ডিং মালিকদের সাথে আলোচনা সাপেক্ষে সাধ্যের মধ্যেই যৌক্তিক পৌর কর পুনর্নির্ধারণ করা হবে। পৌরসভা কর্তৃপক্ষ সকল আবেদন ফর্ম ২৫ টাকা নিধারিত ও আপত্তি নিরপেক্ষভাবে বিবেচনা করবে বলে আশ্বস্ত করেছে।
জনস্বার্থে সঠিক তথ্য প্রচার এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত সত্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে সিংড়া পৌরসভা কর্তৃপক্ষ। একই সাথে এই বিষয়ে সর্বসাধারণকে কোনোভাবে বিচলিত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন